নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আজকে রূপগঞ্জ সারা বাংলাদেশের মধ্যে সব উপজেলা থেকে এগিয়ে রয়েছে। রূপগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। সরকারিভাবে যে বরাদ্দ এসেছে, সেই বরাদ্দের মাধ্যমে রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়নসহ এলাকার বিভিন্ন সমস্যার সমাধান করা হবে।
বুধবার (১৭ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে মানবিক সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে খাদ্যশস্য (চাল),শুকনা খাবার,ঢেউটিন এবং গৃহ মঞ্জুরির নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন এবং সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের অসহায়, দরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা হিসেবে খাদ্যশস্য, শুকনা খাবার, ঢেউটিন এবং গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দিপু আরও বলেন,মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। রূপগঞ্জের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে সরকার ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে তিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।
পরে রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে কার্যালয়ের কার্যক্রমের সূচনা করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কার্যালয় চালুর ফলে সাধারণ মানুষের সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো আরও দ্রুত সমাধানের সুযোগ সৃষ্টি হবে এবং জনগণের সঙ্গে জনপ্রতিনিধির যোগাযোগ আরও সুদৃঢ় হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

