গাইবান্ধার সাঘাটা উপজেলায় পালিত গরুর গুঁতোয় নবির হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নবির হোসেন ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে নবির হোসেন বাড়ির পাশের বিলে তার পালিত গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় হঠাৎ একটি গরু ক্ষিপ্ত হয়ে তার ওপর আক্রমণ চালিয়ে গুঁতো দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ আকস্মিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও শোক ও উদ্বেগ বিরাজ করছে।
ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকালে গরুর গুঁতোয় গুরুতর আহত হওয়ার পর নবির হোসেনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

