মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি অন্তত ১২টি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
সোমবার (১৫ জুন) সকালে সদর উপজেলার ঝিকরহাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন ঝিকরহাটি গ্রামের বন্দে আলী মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা (৩৫), মোতালেব ফকিরের ছেলে মাসুদ ফকির (৩৫), আব্দুল মজিদ খানের ছেলে হানিফ খান (৪৫) এবং সিদ্দিক হাওলাদারের ছেলে কামরুল হাওলাদার (২৫)। আহতদের বিভিন্ন হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর ৬টা থেকে এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়ে। পরে সকাল ৮টার দিকে খান বংশ ও মোল্লা বংশের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলায় অন্তত ১০ জন আহত হন। এ ছাড়া ১২টি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।
খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

