হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারে সমবায় নারী নেতৃত্ব বিকাশ ও অভিজ্ঞতা বিনিময় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় শুরু হওয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মোকলেছুর রহমান।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নূরুন নাহার। তিনি তাঁর বক্তব্যে সমবায়ভিত্তিক টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং অংশীদারিত্বমূলক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারী উন্নয়নে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সমবায় কর্মকর্তা আবু সাইফ এবং নওগাঁ জেলা সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ-হিল-আবিদ।
এ ছাড়া অনুষ্ঠানে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার হারুন-অর-রশিদ, প্রোগ্রাম অফিসার আশরাফুল ইসলাম ও রেজা-ই-রাব্বি হিমেলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রায় ৪০ জন নারী সমবায় নেতা এবং বিভিন্ন বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা তাদের সফল অভিজ্ঞতা ও উত্তম চর্চা (বেস্ট প্র্যাকটিস) তুলে ধরেন, যা ভবিষ্যতে সমবায় কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।
সম্মেলনের সমাপনী বক্তব্য দেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর অব প্রোগ্রামস ডেভিড গোমেজ। তিনি অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে সমবায় খাতকে আরও এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, এ সম্মেলনের মাধ্যমে সমবায় নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক যোগাযোগ জোরদার এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

