গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত নোমান খান নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৯জুন) দিবাগত মধ্যরাতে ডিবি পুলিশের একটি দল উপজেলার শহর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক নোমান খান সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লবের ছেলে। পরে তাকে গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার কাছ থেকে আটকের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নোমান খানকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তাকে একটি রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে।”
তিনি আরও জানান, আটক নোমান খানকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

