নড়াইলের লোহাগড়া উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে টিটুল খান (৪৫) ও বাবুল বিশ্বাস (৪০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া নড়াইল সদর উপজেলায় যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রাম এবং নলদী ইউনিয়নের মতিনগর গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহত টিটুল খান শালনগর গ্রামের মতিয়ার খানের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। অপর নিহত বাবুল বিশ্বাস নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বিল্লাল বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কৃষক টিটুল খান বাড়ির অদূরে মাঠে থাকা গরুকে পানি খাওয়াতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অন্যদিকে একই সময়ে মতিনগর গ্রামের বাবুল বিশ্বাস ও শহীদ নামের আরেক ব্যক্তি স্থানীয় ইছামতি বিলে মাছ ধরতে যান। মাছ ধরার সময় বজ্রপাতে বাবুল গুরুতর আহত হন। পরে শহীদ স্থানীয়দের বিষয়টি জানালে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বাবুল বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মুঠোফোনে জানান, পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি তারা জেনেছেন।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

