নেত্রকোনার মদনে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়ার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৫জুন) নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের অনুমোদনে দপ্তর সম্পাদক আশরাফুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সৈয়দ মিঠু মিয়া মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মদন সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসের যাত্রীদের হয়রানি ও ভোগান্তির অভিযোগ ওঠে। খবর পেয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় যাত্রীরা তাদের বিভিন্ন ভোগান্তির বিষয় প্রশাসনের কাছে তুলে ধরেন।
একপর্যায়ে সেখানে ছাত্রদল নেতা সৈয়দ মিঠু উপস্থিত হন। পুলিশ তাকে কিছুটা দূরে সরে দাঁড়াতে বললে তিনি পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। অভিযোগ রয়েছে, এ সময় সৈয়দ মিঠুর হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর নেত্রকোনা জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সৈয়দ মিঠু মিয়াকে কলেজ শাখা ছাত্রদলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে তিনি মদন থানার হেফাজতে রয়েছেন।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “যাত্রীদের সঙ্গে বাস কাউন্টারের বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মিঠু নামের এক যুবক দুই পুলিশ সদস্যকে আঘাত করে আহত করেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

