জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা পশ্চিমপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের কয়েকটি বাড়ি ও স্থাপনায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ হোসেন জামান জুয়েলের সমর্থকদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, হামলায় খলিলুর রহমানের বাড়ির টিনের বাউন্ডারি, শেখ হোসেন জামান জুয়েলের পোল্ট্রি ফার্মের গেট, লুৎফর রহমান লালুর বসতঘরের বেড়া এবং মজিবর রহমানের ঘরের জানালা ও দরজা ভাঙচুর করা হয়। এতে কয়েকটি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, জুয়েলের সমর্থক হওয়া এবং তাঁর আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করাকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ হোসেন জামান জুয়েল বলেন, “আমার ক্রমবর্ধমান জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের লোকজন সমর্থকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এ হামলা চালিয়েছে।”
তবে এ অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাবেক ইউপি চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশীদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

