তালিমের নামে ধর্ম ব্যবসা করা যাবে না, মসজিদে কোনো রাজনৈতিক দলের বক্তব্য দেওয়া যাবে না; এগুলো বন্ধ করতে হবে, বন্ধ করতে না পারলে আমরা ভয়ানক বিপদের মুখে পড়ে যাব” লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের এমপি শাহাদাত হোসেন সেলিম ঈদ পূর্নমিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠানের বক্তব্যে বলেন-এ বক্তব্যের প্রতিবাদ ও বিবৃতি প্রদান করেন রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী।
রবিবার (৩১ মে) সন্ধ্যায় তাঁর ফেইসবুক আইডিতে এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন-
"লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম কর্তৃক প্রদত্ত বক্তব্য “তালিমের নামে ধর্ম ব্যবসা করা যাবে না, মসজিদে কোনো রাজনৈতিক দলের বক্তব্য দেওয়া যাবে না; এগুলো বন্ধ করতে হবে, বন্ধ করতে না পারলে আমরা ভয়ানক বিপদের মুখে পড়ে যাব”—এর প্রতি আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
দুঃখজনক হলেও সত্য, এটি তাঁর প্রথম দায়িত্বহীন বক্তব্য নয়। তিনি এর আগেও বিভিন্ন সময়ে এমন মন্তব্য করেছেন, যা সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং সামাজিকভাবে অপ্রয়োজনীয় বিতর্কের সৃষ্টি করেছে।
কিছুদিন পূর্বে তিনি এমন বক্তব্য প্রদান করেছিলেন, যার সারমর্ম ছিল—যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং ইসলামী পর্দা মেনে চলেন, তারা নাকি সমাজে পিছিয়ে আছেন। তাঁর সেই বক্তব্য দেশের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে গভীর কষ্ট ও ক্ষোভের জন্ম দিয়েছিল। পরবর্তীতে সর্বস্তরের মানুষের প্রতিবাদ ও সমালোচনার মুখে তিনি তাঁর বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করতে বাধ্য হন।
অতীতের সেই ঘটনার পর আমরা আশা করেছিলাম তিনি ভবিষ্যতে ধর্মীয় বিষয় এবং ইসলামী মূল্যবোধ সম্পর্কে আরও দায়িত্বশীল ও পরিমিত ভাষায় কথা বলবেন। কিন্তু সাম্প্রতিক বক্তব্য আবারও প্রমাণ করেছে যে তিনি একই ধরনের বিভ্রান্তিকর ও দায়িত্বহীন মন্তব্য থেকে শিক্ষা গ্রহণ করেননি।
আমরা স্মরণ করিয়ে দিতে চাই, ইসলাম কেবল মসজিদের ভেতরে সীমাবদ্ধ কোনো ইবাদতব্যবস্থা নয়; বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। রাসূলুল্লাহ (সা.)-এর প্রতিষ্ঠিত মসজিদে নববী ছিল ইবাদত, শিক্ষা, দাওয়াত, সমাজ সংস্কার, পরামর্শ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কেন্দ্র। সুতরাং ইসলামের শিক্ষা, নৈতিকতা, সমাজ সংস্কার ও জনকল্যাণের দাওয়াতকে “ধর্ম ব্যবসা” হিসেবে আখ্যায়িত করা ইতিহাস, বাস্তবতা ও ইসলামী চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন: “তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎকাজের নির্দেশ দেবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে।” (সূরা আলে ইমরান: ১০৪)
আমরা মনে করি, জনগণের প্রকৃত সমস্যা সমাধান, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনকল্যাণের রাজনীতি নিয়ে কথা বলার পরিবর্তে ইসলামী দাওয়াতি কার্যক্রমকে আক্রমণ করা আদর্শিক দুর্বলতা ও রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচায়ক।
অতএব, আমরা সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে ধর্ম, মসজিদ, ইসলামী শিক্ষা ও ধর্মপ্রাণ মুসলমানদের সম্পর্কে দায়িত্বশীল ও সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানাচ্ছি।
ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা, মানুষের ঈমানি অনুভূতির মর্যাদা রক্ষা করা এবং সভ্য রাজনৈতিক সংস্কৃতি চর্চা করা সকল জনপ্রতিনিধির দায়িত্ব।"
নাজমুল হাসান পাটোয়ারী,আমির, রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

