শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব এবং কৃষিভিত্তিক উন্নয়ন পরিকল্পনা আজও বাংলাদেশের উন্নয়ন ভাবনায় গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
শনিবার (৩০ মে) বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে উপজেলা বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষকদের জীবনমান উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি বলেন, অল্প সময়ের রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলেও জিয়াউর রহমান কৃষি, শিল্প, শিক্ষা, অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাঁর খালকাটা কর্মসূচি দেশের সেচব্যবস্থার উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সবুজ বিপ্লবের মাধ্যমে তিনি কৃষিকে উৎপাদনমুখী খাতে রূপান্তরের যে উদ্যোগ নিয়েছিলেন, তা গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণসঞ্চার করেছিল।
আব্দুল বারী আরও বলেন, কৃষকদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সেচ সুবিধা সম্প্রসারণ, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং খাদ্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি দেশের অর্থনৈতিক মুক্তির পথও দেখিয়েছিলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মণ্ডলের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মওদুদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, স্বাধীনতা-পরবর্তী সংকটময় সময়ে জিয়াউর রহমান জাতিকে নতুন আশা ও আত্মবিশ্বাস দিয়েছিলেন। তাঁর রাজনৈতিক দর্শন ও উন্নয়ন ভাবনা নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা সভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি, গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

