মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অসামান্য অবদান রেখে গেছেন। তিনি জাতিকে একটি স্বাধীন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ উপহার দিয়েছিলেন।”
মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুলটু বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বক্তারা আরও বলেন, জাতীয় উন্নয়ন, উৎপাদনমুখী অর্থনীতি এবং জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের গৃহীত পদক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

