জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার একটি কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।
রোববার (২৪ মে) বিকেলে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে একজন এবং সোমবার রাতে আরেকজন মারা যান।
নিহতরা হলেন—সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মজিবুর রহমান (৫৫) এবং কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন (৫৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকন্দপাড়া গ্রামের এক ব্যক্তি বিক্রির জন্য কয়েকটি মহিষ নিয়ে হাটে আসেন। হাটে আনার পর একটি মহিষ হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। একপর্যায়ে সেটি হাটজুড়ে ছোটাছুটি ও লোকজনকে আক্রমণ করতে থাকে। এতে হাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ দৌড়াদৌড়ি শুরু করেন।
এ সময় মহিষের গুঁতায় রুহুল আমিন ও মজিবুর রহমানসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রুহুল আমিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য মজিবুর রহমানকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সোমবার রাতে তিনিও মারা যান।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

