টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। নিহতরা সবাই ধান কাটার শ্রমিক ছিলেন বলে জানিয়েছে প্রশাসন।
সোমবার (২৫ মে) ভোররাতে কালিহাতীর সড়াতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে সড়াতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।
এদিকে নিহতদের মধ্যে ১৩ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বাকি দুইজনের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। তারা সবাই ধান কাটার কাজ শেষে দলবদ্ধভাবে বাড়ি ফিরছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

