AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাভারে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিকসহ আহত ৪, আটক ৪


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৫:৫০ এএম, ২৩ মে, ২০২৬

সাভারে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিকসহ আহত ৪, আটক ৪

ঢাকার সাভারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সংবাদকর্মী। এ ঘটনায় সাংবাদিকসহ চারজন আহত হয়েছেন। আহতরা হলেন— এসএটিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন, দেশ টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক তাইফুর রহমান তুহিন, ক্যামেরাপার্সন মনিরুল হক কাইয়ুম এবং গাড়িচালক জয়নাল।

শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার পশ্চিম রাজাসন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, মাদক ব্যবসা ও মাদকের বিস্তার নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা স্থানীয় মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হন।

তারা জানান, সকাল থেকে দেশ টিভির একটি টিম মাদক ব্যবসা নিয়ে প্রতিবেদন তৈরির জন্য এলাকায় তথ্য সংগ্রহ করছিল। তাদের সঙ্গে ছিলেন এসএটিভির স্থানীয় প্রতিনিধি সাদ্দাম হোসেন। বিভিন্ন তথ্য ও ভিডিও সংগ্রহ শেষে গাড়িতে ওঠার পর এক ব্যক্তি কথা বলার কথা বলে তাদের নামতে বলেন। পরে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা সাংবাদিকদের বহনকারী গাড়ি ভাঙচুর করে, এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে এবং পরে তাদের একটি গ্যারেজে নিয়ে আটকে রাখে। এ সময় সাংবাদিকদের কাছে থাকা মানিব্যাগ, নগদ টাকা, ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।

দেশ টিভির প্রতিবেদক তাইফুর রহমান তুহিন বলেন, “মাদক ব্যবসায়ী শামীমকে কেন্দ্র করে এলাকায় মাদকের বিস্তার নিয়ে সংবাদ সংগ্রহ করছিলাম। তথ্য সংগ্রহ শেষে ফেরার সময় অতর্কিত হামলার শিকার হই। হামলাকারীরা আমাকে পেটে ও পিঠে ছুরিকাঘাত করে।”

এসএটিভির প্রতিনিধি সাদ্দাম হোসেন বলেন, “সম্প্রতি শামীমকে নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণে তিনি আমার ওপর ক্ষুব্ধ ছিলেন। হামলার সময় আমাকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখানো হয় এবং একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়। আমার চোখেও আঘাত লাগে।”

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সোনিয়া রহমান বলেন, “দুইজন আহতকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে একজনের চোখে গুরুতর আঘাত থাকায় তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আহতদের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।”

ঘটনার পর পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী।

তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত শামীমসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এর আগে গত ১০ মে রাতে র‍্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে শামীমের সহযোগী সন্দেহে তিনজনকে বিদেশি পিস্তল, হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ আটক করে। র‍্যাব জানিয়েছে, শামীমের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!