AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পৌনে এক কোটি টাকার ব্লুইসগেটেই জলাবদ্ধতা, তলিয়ে গেল শত হেক্টর ধান



পৌনে এক কোটি টাকার ব্লুইসগেটেই জলাবদ্ধতা, তলিয়ে গেল শত হেক্টর ধান

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বিল কেইলায় প্রায় পৌনে এক কোটি টাকা ব্যয়ে নির্মিত জলকপাট (ব্লুইসগেট) এখন স্থানীয় কৃষকদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবাদি জমির ফসল রক্ষার উদ্দেশ্যে নির্মিত প্রকল্পটি এখন উল্টো জলাবদ্ধতা সৃষ্টি করে শত হেক্টর জমির পাকা ধান তলিয়ে দিয়েছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, খালের পানির স্তরের চেয়ে উঁচুতে ব্লুইসগেট নির্মাণ করা হয়েছে। পাশাপাশি পানি নিষ্কাশনের কপাটগুলোও ঠিকভাবে কাজ করছে না। ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে বৃষ্টির পানি জমে পুরো বিল এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, রামগোপালপুর ইউনিয়নের বিল কেইলার ধূরুয়া, বিশ্বনাথপুর, তেরশিরা ও কান্দুলিয়া গ্রামের কৃষকেরা দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে আসছেন। কিন্তু ব্লুইসগেট নির্মাণের পর থেকে বর্ষা মৌসুমে প্রায়ই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

চলতি মৌসুমেও বৃষ্টির পানি জমে কয়েক শ হেক্টর জমির পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে বলে জানান কৃষকেরা। এতে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

ধূরুয়া গ্রামের কৃষক সিদ্দিক মিয়া বলেন, “আগে বর্ষা মৌসুমে খালে স্বাভাবিকভাবে পানি নিষ্কাশন হতো। কিন্তু ব্লুইসগেট নির্মাণের পর থেকে আমন ও বোরো কোনো ফসলই ঠিকমতো ঘরে তুলতে পারছি না। চাষাবাদের খরচ বাড়লেও জলাবদ্ধতার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে।”

গৌরীপুর এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষি, মৎস্য ও পানি ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ২০২১–২২ অর্থবছরে বিল কেইলা খালে ৮৮ লাখ ৯৫ হাজার ৭৮০ টাকা ব্যয়ে ব্লুইসগেটটি নির্মাণ করা হয়।

তবে প্রকল্প বাস্তবায়নের পর এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। কৃষকদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক পরিকল্পনা ও বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা বলেন, “বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় কৃষকেরা দ্রুত ব্লুইসগেটের ত্রুটি নিরসন ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন, যাতে প্রতিবছর ফসলহানির শিকার হতে না হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!