নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) মধ্যরাতে উপজেলার তারাবো বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তারাবো উত্তরপাড়া এলাকার কুত্তা শ্রাবণ ওরফে শ্রাবণ গ্রুপ এবং দক্ষিণপাড়া এলাকার নবী ভান্ডারী গ্রুপ মুখোমুখি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তারাবো পৌরসভার উত্তরপাড়া এলাকার কুত্তা শ্রাবণ ও রুবেল গ্রুপের সঙ্গে দক্ষিণপাড়া এলাকার নাজমুল-নবী গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে রাতে প্রথমে বাকবিতণ্ডা হয়, পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলিতে রূপ নেয়। দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একই সঙ্গে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন, তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ সময় উভয় পক্ষের লোকজন দোকানপাট, বাড়িঘর ও যানবাহনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। কয়েকটি দোকানে লুটপাটের অভিযোগও পাওয়া গেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, “মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

