চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আসন্ন ফুটবল বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর বাকি ২৪ দিন। চলতি বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের সবচেয়ে বড় আয়োজন ফিফা ফুটবল বিশ্বকাপ।
পরিবার-পরিজন, বন্ধুদের সাথে একসঙ্গে খেলা দেখতে পছন্দ করেন ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ইতোমধ্যেই বিশ্বকাপের ম্যাচগুলো ঘিরে মেতে উঠেছে বিভিন্ন দলের সমর্থকেরা।
বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করলেও দেশের অন্যান্য স্থানের মতো বিশ্বকাপের এই রঙিন উৎসবে মেতে উঠেছে বিভিন্ন দেশের পাবনার ভাঙ্গুড়া উপজেলার হাজার হাজার ফুটবল সমর্থক। তবে ভাঙ্গুড়া উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকই বেশি। তারা ইতোমধ্যে জার্সি পরে ঘুরে বেড়ানোসহ সমর্থক দেশের পতাকাও উড়িয়েছেন। ভালোবাসার জায়গা থেকে ফুটবলপ্রেমীদের এই অগ্রিম উদ্যাপন বলে জানা গেছে।
প্রথমবারের মতো ভাঙ্গুড়া উপজেলায় নিজ দেশ বাংলাদেশ ও ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দেশের পতাকা উত্তোলন করে সারা ফেলেছে হাফিজ আল-আফ্রিদী নামের এক ব্রাজিল সমর্থক। বাড়ির ছাদে টাঙানো ব্যতিক্রমী এমন উদ্যোগ দেখতে প্রতিদিন ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
হাফিজ আল-আফ্রিদী ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের চৌবাড়ীয়া মাষ্টার পাড়া এলাকার মো. আব্দুল লতিফের পুত্র। আফ্রিদী যে কতটা ব্রাজিল-অন্তঃপ্রাণ, তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল দেখলেই বোঝা যায়। ব্রাজিলের প্রতিটি জয়ে এমনভাবে উল্লাস করেন, যেন তিনি নিজেও দলটার অংশ।
ব্রাজিল সমর্থক হাফিজ আল-আফ্রিদী বলেন, আমি ছোটবেলা থেকেই ছন্দময় খেলা দেখে রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের সমর্থক। ফুটবল বিশ্বকাপ নিয়ে যা চলছে তা হলো আবেগের বহিঃপ্রকাশ। বিশ্বকাপের এক মাস আগেই প্রিয় দলের পতাকা টাঙিয়েছি। নিজের পছন্দ, ভালোলাগা ও ভালোবাসা থেকেই বাড়ির ছাদে ৪৮ দেশের পতাকা উড়িয়েছি। তবে আশা করছি এবার বিশ্বকাপ জিতে ব্রাজিলের স্বপ্নের হেক্সা মিশন সম্পন্ন করবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

