* শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
* নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ব্যবসায়ীর
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকায় হত্যার ষড়যন্ত্র ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের সহ-সভাপতি মোছাব্বির আল মাসুদ।
রোববার (১৭ মে) দুপুরে শহরের গ্র্যান্ড তাজ হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মোছাব্বির আল মাসুদ আরো অভিযোগ করেন, শ্রীমঙ্গলে টিম ডায়নামিকসহ যারা মাদকের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের ওপর হামলা ও মামলা দেওয়া হচ্ছে। মাদকচক্র ও তাদের অর্থের বিনিময়ে পরিচালিত সহযোগীরা তার ব্যবসা, জীবন ও পরিবারের নিরাপত্তা বিঘ্নিত করতে নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তিনি আরো অভিযোগ করেন, সম্প্রতি আমি লেবু বাজারে পরিবহন ব্যবসা শুরু করলে স্থানীয় কয়েকজন চাঁদা দাবি করেন। চাঁদা দিতে আমি অস্বীকৃতি জানালে আমার কর্মচারীর কাছ থেকে কয়েকজন পুনরায় চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমার ব্যবসায় নিয়োজিত গাড়ি আটকে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়।
সংবাদ সম্মেলনে মাদকাসক্তের হাতে খুন হওয়া পরিবারের সদস্যরা নিহতদের ছবি সাথে নিয়ে উপস্থিত হন। এসময় তারা তাদের স্বজন হারানোর করুন কাহিনী বর্ননা করে মাদকের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহবান জানান।
নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা মোসাব্বির আল মাসুদ শ্রীমঙ্গল উপজেলা থেকে মাদক নির্মুলে ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, এই সমাজ, আমাদের ভবিষ্যত প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচাতে সবাইকে এখনই এগিয়ে আসতে হবে। তা না হলে এর আগুনের উত্তাপ থেকে কারো ঘরই রেহাই পাবে না।
তিনি স্থানীয় এমপি, ইউএনও পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সমন্বয়ে জরুরি সভা আহবানের অনুরোধ জানান। এসময় উপজেলার মাদক কারবারিদের উদ্দেশ্যে বলেন, যারা আত্মসমর্পণ করবেন তাদের সমাজিক নিরাপত্তা, বাসস্থানসহ বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যারা মাদককে বেছে নেবে তাদের বিরুদ্ধে সামাজিক ও কঠোর আইনী ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান প্রশাসনের কাছে।
এর আগে `সবার শ্রীমঙ্গল -সাবাস শ্রীমঙ্গল` শ্লোগানে মাদক ও চাঁদাবাজি বিরোধী এক মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সংহতি জানিয়ে কয়েকটি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

