কাউখালী উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে কেমিক্যাল দিয়ে পাকানো অপরিপক্ক লিচু ও আম। মৌসুম শুরুর আগেই বাজারে এসব ফল বিক্রি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। স্বাস্থ্য বিভাগ বলছে, এ ধরনের ফল খেলে বাড়তে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি।
শুক্রবার (১৫ মে) সাপ্তাহিক হাট ঘুরে দেখা গেছে, দোকান, রাস্তার পাশ, বাজার ও ভ্যানগাড়িতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে অপরিপক্ক লিচু ও আম। মৌসুমের আগেই বাজারে লিচুর উপস্থিতি দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। শিশুদের আবদারের কারণে অনেক অভিভাবক বাধ্য হয়ে এসব ফল কিনছেন।
বিক্রেতারা ৫০টি লিচুর একটি আঁটি বিক্রি করছেন ২০০ থেকে ২৫০ টাকায়। অপরিপক্ক আম বিভিন্ন আকর্ষণীয় নামে প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
একাধিক ক্রেতা জানান, এসব লিচুর স্বাদ একেবারেই ভালো নয়। মুখে দিয়েই ফেলে দিতে হয়েছে। লিচুর বাকল পাতলা, বিচি বড় এবং খেতেও বিস্বাদ।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, বোম্বাই ও মাদ্রাজি জাতের লিচুর মৌসুম শুরু হবে মে মাসের শেষ দিকে। আর বেদেনা ও চায়না-৩ জাতের লিচু পাওয়া যাবে জুনের মাঝামাঝি সময়ে। এর আগে বাজারে আসা লিচুগুলো মূলত অতিরিক্ত মুনাফার আশায় কেমিক্যাল দিয়ে পাকানো অপরিপক্ক ফল।
অন্যদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কেমিক্যালযুক্ত এসব ফল খেলে শিশু ও বয়স্ক সবারই লিভার ও কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে। এছাড়া পেটের নানা সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকিও তৈরি হতে পারে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

