AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাঠে মিলল এসএসসি পরীক্ষার ৫০ খাতা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
০৩:৩৩ পিএম, ১৫ মে, ২০২৬

মাঠে মিলল এসএসসি পরীক্ষার ৫০ খাতা

ঠাকুরগাঁও শহরের একটি খোলা মাঠ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি খাতা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠসংলগ্ন শহীদ মিনার এলাকার পাশ থেকে খাতাগুলো উদ্ধার করা হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার উত্তরপত্র কীভাবে মাঠে পড়ে থাকল, তা নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কয়েকজন যুবক মাঠের পাশে বাঁধাই করা একটি খাতার বান্ডিল দেখতে পান। পরে কাছে গিয়ে বুঝতে পারেন, সেগুলো এসএসসি পরীক্ষার উত্তরপত্র। খবর পেয়ে আশপাশের লোকজন জড়ো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাতাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

একই এলাকায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার পরীক্ষাসংক্রান্ত খাতা উদ্ধারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এর আগে গত ৯ মে কাছাকাছি এলাকা থেকে অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের ১১টি পরীক্ষার খাতা উদ্ধার করা হয়েছিল।

অভিভাবক নুরে আলম বলেন, “শিক্ষার্থীরা অনেক পরিশ্রম করে পরীক্ষায় অংশ নেয়। সেই উত্তরপত্র যদি এভাবে বাইরে পড়ে থাকে, তাহলে পরীক্ষার নিরাপত্তা ও মূল্যায়ন ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হওয়াই স্বাভাবিক।”

হাজীপাড়া এলাকার বাসিন্দা কুতুব আলী বলেন, “পরীক্ষার খাতা শুধু কাগজ নয়, এর সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জড়িত। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের চিহ্নিত করা জরুরি।”

এসএসসি পরীক্ষার্থী লাবিব হোসেনও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, উত্তরপত্র সঠিকভাবে সংরক্ষণ না হলে ফলাফলের ওপরও প্রভাব পড়তে পারে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ উত্তরপত্রগুলো উদ্ধার করে থানায় সংরক্ষণ করেছে। এ বিষয়ে শিক্ষা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কীভাবে উত্তরপত্র মাঠে এলো এবং দায়িত্বে কারও অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!