দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের দক্ষিণ শালন্দার ঝিনাইকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী চক্র নিজেদের লোকজন দিয়ে বিদ্যালয়ের গাছ কেটে উল্টো ওই শিক্ষকের ঘাড়ে দায় চাপিয়ে তাকে সামাজিকভাবে হেনস্থা করার চেষ্টা করেছে।
জানা গেছে, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি বিদ্যালয় ছুটির দিনে ঝিনাইকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তিনটি আমগাছ চুরি হয়। ঘটনার প্রায় দেড় মাস পর, গত ১০ এপ্রিল গ্রামের বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে মাসুদ পারভেজ সুমন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে গাছ চুরির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন বিষয়টি তদন্তের নির্দেশ দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক-কে। পরে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউনুস আলীকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্য ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মতিয়ার রহমান সিদ্দীকি।
গত ১২ মে তদন্ত দল ঘটনাস্থলে গিয়ে অভিযোগকারী মাসুদ পারভেজ সুমনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে সাক্ষ্য-প্রমাণসহ উপস্থিত হওয়ার অনুরোধ জানালেও তিনি উপস্থিত হননি। পরে তদন্ত কর্মকর্তারা অভিযুক্ত সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেন ও প্রধান শিক্ষক মোক্তার হোসেনের লিখিত জবানবন্দি গ্রহণ করেন।
এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিসুজ্জামান, ইউপি সদস্য আবু সাঈদ, প্রত্যক্ষদর্শী গ্রামবাসী এবং চুরি হওয়া গাছের ক্রেতার সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য দেন ভবানীপুর বাজারের সাইজকাঠ ব্যবসায়ী আশুতোষ চন্দ্র রায়, ভ্যানচালক আবদুস সালাম, হাজি লুৎফর রহমান, বাবলু, আলমগীরসহ আরও অনেকে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধিকাংশ সাক্ষী প্রকৃত গাছ চোরদের নাম উল্লেখ করেছেন। এতে অভিযোগকারী পক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সামনে আসে।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা মো. ইউনুস আলী বলেন, “তদন্তকালে যাদের সাক্ষ্য ও জবানবন্দি গ্রহণ করা হয়েছে, তাদের বেশিরভাগই প্রকৃত গাছ চোরদের নাম বলেছেন। অভিযুক্ত ব্যক্তিদের তদন্তস্থলে উপস্থিত হওয়ার জন্য বলা হলেও তারা কেউ আসেননি। এ কারণে তদন্ত এখনো চূড়ান্ত করা সম্ভব হয়নি।”



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

