বর্তমান সরকারের ইশতেহার বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও জনসচেতনতা জোরদারের লক্ষ্যে বহুমুখী প্রচার কার্যক্রম গ্রহণের বিষয়ে রাজবাড়ীতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা তথ্য অফিসারের কার্যালয়ে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের নিয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মো. মুন্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, সাবেক দপ্তর সম্পাদক এ. মজিদ বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ও ইশতেহারের প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তথ্যভিত্তিক প্রচার কার্যক্রম জোরদার করা হচ্ছে। গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় এসব কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জনসম্পৃক্ততা বৃদ্ধিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয় এবং উন্নয়ন কর্মকাণ্ডের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

