মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় বাসচাপায় আয়শা নামের আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আয়শা ইতালি প্রবাসী আবুল ঘরামির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আয়শা তার দাদা মোতালেব মেম্বারের সঙ্গে ভূরঘাটা বাজারে ঘুরতে ও মিষ্টি খেতে এসেছিল। বাজার এলাকায় অবস্থানকালে একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ ও যানজট।
নিষ্পাপ শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
এলাকাবাসীর দাবি, ঢাকা-বরিশাল মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়কটি দ্রুত ছয় লেনে উন্নীত করা হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে এবং মানুষের প্রাণহানি রোধ করা সম্ভব হবে।
ঘটনার পর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। দীর্ঘ প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালানোর পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, "শিশুটির মৃত্যুর ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছিলেন। আমরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়েছি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

