১৮৮৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের (অ্যাডহক কমিটি) সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ কিবরিয়া আলম চৌধূরী।
মঙ্গলবার (১২ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি কিবরিয়া আলম চৌধূরী কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা গ্রামের বিশিষ্ট ব্যক্তি মরহুম নজিব আলী চৌধূরীর ছেলে। তিনি বর্তমানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঢাকায় সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুমোদিত অ্যাডহক কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সেলিমকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ মিজানুর রহমান মীর এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে কাউসার মিয়ার নাম অনুমোদন করা হয়েছে।
শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁদের দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং অভিজ্ঞ নেতৃত্ব বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে মোঃ কিবরিয়া আলম চৌধূরী বলেন, “বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আমাকে পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞ। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
এদিকে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

