মৌলভীবাজার জেলার জুড়ীতে মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মে) দুপুরে জুড়ী উপজেলার সচেতন নাগরিক বৃন্দ ও মৎস্যজীবীদের আয়োজনে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বেলাগাঁও গ্রামের বিশিষ্ট সমাজসেবক রেজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আফতাব আলী, মোস্তাকিম হোসেন, হাবিবুর রহমান, সুমন আহমেদ, মোঃ হাবিব মিয়া, আবু নাঈম, জাবেদ আহমদ, আজিজ মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে জুড়ী উপজেলায় কর্মরত থাকার সুবাদে হাকালুকি হাওর ও মৎস্য খেকোদের নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে হাওর লুটপাট করে আসছেন এবং নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণে অর্থ লোপাট করেছে।
বিভিন্ন বিলে সরকারি জলমহাল নীতিমালা অমান্য করে সেচ মেশিন দিয়ে বিল শুকিয়ে মাছ আহরণের মাধ্যমে মৎস্য সম্পদ ধ্বংস করে আসছেন। বছরের পর বছর হাকালুকি হাওরের চাতলা, তুরল ও নাগুয়াবিলসহ বিভিন্ন বিলে প্রকাশ্যে ১০ থেকে ১৫ টি মেশিন দিয়ে বিল শুকিয়ে মৎস্য আহরণ করার অভিযোগ উঠলেও রহস্যজনক কারণে প্রশাসন নেয়নি কোন ব্যবস্থা। যার ফলে আরো বেপরোয়া হয়ে ওঠেন মৎস্য কর্মকর্তা মো: মনিরুজ্জামান।
তিনি দায়িত্ব গ্রহণের পর অবৈধ মৎস্য শিকার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিবর্তে ব্যক্তিগত সুবিধার বিনিময়ে তা পরোক্ষভাবে প্রশ্রয় দিয়ে আসছেন। বক্তারা অবিলম্বে জুড়ীর মৎস্য কর্মকর্তার অপসারণ দাবি করেছেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

