মুন্সিগঞ্জের জনপদের দর্পণ হিসেবে পরিচিত সংবাদপত্রগুলোর স্বার্থরক্ষা এবং পেশাগত মানোন্নয়নের মহতী লক্ষ্য নিয়ে গঠিত হলো ‘মুন্সিগঞ্জ সংবাদপত্র পরিষদ’ (এমএসপি)। সংবাদপত্রের বিদ্যমান সংকট নিরসন এবং সংবাদকর্মীদের অধিকার আদায়ের অঙ্গীকারে আবদ্ধ হয়ে জেলার প্রথিতযশা প্রকাশক ও সম্পাদকরা এক মোহনায় মিলিত হয়েছেন।
শনিবার (২ মে) দুপুরে স্নিগ্ধ পরিবেশে দৈনিক মুন্সিগঞ্জের কাগজ কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ সভায় এই নতুন পথচলার সূচনা হয়। স্থানীয় বিক্রমপুর সংবাদ-এর সম্পাদক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মুন্সিগঞ্জ জেলা থেকে প্রকাশিত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের উপস্থিতিতে প্রাণের সঞ্চার ঘটে। সভার প্রারম্ভে সংবাদপত্রের আগামীর চ্যালেঞ্জ ও উত্তরণের পথ নিয়ে বিশদ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটিতে দৈনিক মুন্সিগঞ্জের কাগজ-এর সম্পাদক মোহাম্মদ আরফিন সভাপতি, দৈনিক মুন্সিগঞ্জের সময়-এর সম্পাদক মঈনুদ্দিন সুমন সহ-সভাপতি, সাপ্তাহিক সত্য প্রকাশ-এর সম্পাদক জসীম উদ্দীন দেওয়ান সাধারণ সম্পাদক, সাপ্তাহিক কাগজের খবর-এর সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন সহ-সাধারণ সম্পাদক, দৈনিক মুন্সিগঞ্জের বার্তা-এর সম্পাদক আশরাফ ইকবাল কোষাধ্যক্ষ, দৈনিক দেশ সেবা-এর সম্পাদক আল আমিন দপ্তর সম্পাদক, বিক্রমপুর সংবাদ-এর সম্পাদক মোহাম্মদ সেলিম নির্বাহী সদস্য, সাপ্তাহিক বিক্রমপুর চিত্র-এর সম্পাদক ব. ম. শামীম নির্বাহী সদস্য এবং সাপ্তাহিক নিখুঁত খবর-এর প্রকাশক মো. মোর্শেদ আলম নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত এই পরিষদ কেবল একটি সংগঠন নয়; বরং মুন্সিগঞ্জের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ইতিহাসে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশকদের এই মিলনমেলা থেকে শপথ নেওয়া হয়—সততা ও সাহসিকতার সঙ্গে জনমানুষের কথা বলে যাওয়ার এবং সংবাদপত্রের মর্যাদা অক্ষুণ্ন রাখার।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

