লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের প্রায় ১৫ ঘন্টা পর রাজিব হোসেন (১৪) নামে কিশোর অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এক লাখ টাকা মুক্তিপণ না দেওয়ায় তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যাওয়া হয়েছে বলে দাবি পরিবারের।
শনিবার (২ মে) দুপুর ২ টার দিকে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট এলাকার একটি বাগান থেকে রাজিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজিব দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অটোরিকশা চালক মোস্তফা ড্রাইভারের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, শুক্রবার (১ মে) রাত ৮ টার পর রাজিব নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে ঘটনাটি পুলিশকে জানানো হয়। এরমধ্যে রাজিবের অটোরিকশাটি উপজেলার উদমারা এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে তাকে পাওয়া যায়নি। নিখোঁজের প্রায় ৭ ঘন্টা পর ক্যাম্পেরহাট এলাকার একটি বাগানে রাজিবের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। একটি মোবাইলফোন নাম্বার থেকে রাজিবকে অপহরণ করা হয়েছে বলে কল দেওয়া হয় তারা তাকে ছেড়ে দিতে এক লাখ টাকা মুক্তিপণ চায়। ওই টাকা না দেওয়ায় তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করার দাবি করেন পরিবার।
রায়পুর থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মুক্তিপণ দাবির বিষয়টিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

