AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, জনজীবনে চরম ভোগান্তি



মৌলভীবাজারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, জনজীবনে চরম ভোগান্তি

মৌলভীবাজারে গত দুই দিনের টানা ভারী বৃষ্টিপাতে শ্রীমঙ্গলসহ জেলার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ৩০ ঘণ্টায় ১৬০.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি এপ্রিল মাসে মোট বৃষ্টিপাত দাঁড়িয়েছে ৪৮৩ মিলিমিটার।

টানা বৃষ্টিতে শহর ও গ্রামীণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। রিকশা, অটোরিকশা ও সিএনজিসহ যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়ে। একই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকরাও বিপাকে পড়েছেন।

সরেজমিনে দেখা গেছে, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া, পূর্ব শ্রীমঙ্গল, সবুজবাগ, লালবাগসহ আশিদ্রোন ইউনিয়নের রামনগর, গাজীপুর, মুসলিমবাগসহ অন্তত শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। পশ্চিম ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সড়ক ও কবরস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও পানি জমে রয়েছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ভারী বৃষ্টি হলেই এসব এলাকায় নিয়মিত জলাবদ্ধতা দেখা দেয়, তবে দীর্ঘদিনেও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হয়নি।

মুসলিমবাগ এলাকার বাসিন্দা আফসার মিয়া বলেন, “বৃষ্টি হলেই সড়ক ও কবরস্থান পানিতে তলিয়ে যায়। এবারও একই অবস্থা, মানুষ চলাফেরা করতে পারছে না।”

ইজিবাইক চালক মনির মিয়া জানান, “রাস্তা পানিতে ডুবে গেলে গাড়ির মোটর নষ্ট হয়, আয় দিয়ে শুধু মেরামতই করতে হয়।”

স্থানীয় বাসিন্দা রুবেল আহমদ বলেন, “পশ্চিম ভাড়াউড়া এলাকায় স্কুলসহ বিভিন্ন স্থাপনায় পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।”

অন্যদিকে সংবাদকর্মী এম এ রকিব বলেন, অপরিকল্পিত নগরায়ণ, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং খাল-ছড়া দখলের কারণে এই জলাবদ্ধতা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

কৃষি বিভাগ জানিয়েছে, টানা বৃষ্টির কারণে বোরো ধান ও মৌসুমি সবজি ক্ষতির মুখে পড়েছে। জমিতে পানি জমে থাকায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, অবিরাম বৃষ্টিপাতের কারণে অনেক কৃষক ক্ষতির শিকার হয়েছেন এবং সবজি চাষেও নেতিবাচক প্রভাব পড়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, আগামী কয়েক দিন এ অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!