ইলিশ সম্পদ রক্ষায় সরকারের জাটকা সংরক্ষণ কর্মসূচি (মার্চ-এপ্রিল) চলাকালে চাঁদপুরের জেলেদের জন্য প্রথমবারের মতো চালের পাশাপাশি বিশেষ খাদ্য সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার সাড়ে ৮ হাজার নিবন্ধিত জেলে পরিবার এবার ৪০ কেজি চালের সাথে তেল, আটা, আলুসহ প্রয়োজনীয় নিত্যপণ্য পাবেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পদ্মা-মেঘনা নদীবেষ্টিত এই অঞ্চলের জেলেরা দীর্ঘদিন ধরে শুধু চালের পরিবর্তে পূর্ণাঙ্গ খাদ্য সহায়তার দাবি জানিয়ে আসছিলেন। জেলেদের সেই অভাব ও দাবির কথা বিবেচনা করে `ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প`-এর আওতায় সরকার এই বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেছে।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, বিশেষ এই খাদ্য সহায়তার প্যাকেজে প্রতিটি পরিবারের জন্য থাকছে ১০ লিটার সয়াবিন তেল, ১২ কেজি আটা, ১৬ কেজি আলু, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ এবং ৮ কেজি মসুর ডাল। চলতি এপ্রিল মাসের মধ্যেই এই সামগ্রী জেলেদের হাতে পৌঁছে দেওয়া হবে।
মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক আরও জানান, জেলার ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় অর্ধলক্ষাধিক। জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় ৩৯ হাজার ৪০০ জেলের প্রত্যেকের জন্য ১৬০ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে। ইতোমধ্যে প্রথম কিস্তির চাল বিতরণ শেষ হয়েছে এবং দ্বিতীয় কিস্তির চাল বিতরণ কার্যক্রম বর্তমানে চলমান। এর মধ্যেই বিশেষ প্রকল্পের আওতায় সাড়ে ৮ হাজার জেলেকে এই বাড়তি খাদ্য সুবিধা প্রদান করা হচ্ছে।
উপকূলীয় এলাকার জেলেরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিশেষ সহায়তা জেলেদের জীবনযাত্রার মান উন্নয়ন করবে এবং জাটকা নিধন রোধে তাদের আরও উৎসাহিত করবে
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

