যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আইকনিক ব্রুকলিন ব্রিজে রাজকীয় রয়্যাল ব্লু গাউনে নজর কাড়লেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ফেসবুকে প্রকাশ করা তাঁর নতুন ফটোশুটের ছবিগুলো মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
ছবিগুলোতে নিউইয়র্কের মনোমুগ্ধকর স্কাইলাইন ও সুউচ্চ ভবনকে পটভূমি করে নানা আবেদনময় ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন মেহজাবীন। কখনো লাজুক হাসিতে মুখ আড়াল করেছেন, আবার কখনো স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে দিয়েছেন ভিন্নধর্মী পোজ। নান্দনিক উপস্থাপনা ও স্টাইলিশ লুকের কারণে তাঁর এই ফটোশুট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
অভিনেত্রীর পরনে একটি স্লিভলেস রয়্যাল ব্লু টায়ার্ড টিউল গাউন; যেখানে চোখ আটকেছে ভক্তদের। পোশাকের সঙ্গে মার্জিত হেয়ারস্টাইল, পরিমিত সাজ ও আত্মবিশ্বাসী চাহনি ছবিগুলোতে এক রাজকীয় আবহ ফুটিয়ে তুলেছে।
বলা যায়, কলিন ব্রিজের কাঠের ওয়াকওয়ে ও সুউচ্চ কাঠামোর মাঝে নেওয়া মেহজাবীনের প্রতিটি ভঙ্গিই যেন ছিল কোনো রাজকীয় দৃশ্যপট।
ছবিগুলোর ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘বিকজ কাল হো না হো...’। কালজয়ী হিন্দি ছবি ‘কাল হো না হো’-এর সেই নিউ ইয়র্ক শহরের আমেজ থেকেই যে এই স্নিগ্ধ ফটোশুটের অনুপ্রেরণা, তা ক্যাপশনেই স্পষ্ট করে দিয়েছেন এই অভিনেত্রী।
প্রিয় তারকাকে এমন গ্ল্যামারাস লুকে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। প্রকাশের পর থেকেই ছবিগুলোর কমেন্ট বক্সে ভালোবাসা প্রকাশ করেন অনুরাগীরা। কেউ তাকে ‘নীল পরী’ বলেও আখ্যা দিচ্ছেন।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্য সবসময়ই দর্শকদের নজর কাড়েন মেহজাবীন চৌধুরী। নাটক পেরিয়ে ওটিটি ও চলচ্চিত্রেও নিজের সুদৃঢ় অবস্থান তৈরি করা এই তারকার নতুন এই লুক ভক্তদের মাঝে সাড়া ফেলেছে; তা বলাই বাহুল্য।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

