চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, প্রথম শ্রেণীর মর্যাদা অর্জনই শেষ কথা নয়, বরং সেবার মান উন্নত করে এই মর্যাদা ধরে রাখাই আসল চ্যালেঞ্জ। ফরিদগঞ্জ পৌরসভা অনেক ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে। এই প্রতিষ্ঠানটিকে জনগণের আস্থার ঠিকানায় পরিণত করতে হলে নাগরিক সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও পৌরসভা কার্যালয় পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এদিন তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে পৌরসভায় পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া এবং পৌর সহায়ক কমিটির সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পৌরসভার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণকালে বিভাগীয় কমিশনার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “পৌরবাসীকে মানসম্মত ও সময়োপযোগী সেবা নিশ্চিত করতে হবে। সেবার মান উন্নত হলে নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে কর প্রদান করবেন, যা পৌরসভার উন্নয়নকে ত্বরান্বিত করবে।”
উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, চলমান সকল উন্নয়ন কাজ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। অনিয়ম ও দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না। জনসেবা যেন মানুষের দোরগোড়ায় পৌঁছায়, সেটাই হতে হবে মূল লক্ষ্য।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, ওসি (তদন্ত) এমদাদুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদির এবং পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

