ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪টি ভাটাকে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে দুটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম। অভিযানে সহায়তা করেন ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তামিম হাসান।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে এমবিবি ব্রিকস ও মেসার্স ডি স্টার ব্রিকস নামের দুটি অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয়। এছাড়া একই আইনে এমবি ব্রিকস, এসবিএস ব্রিকস, মেসার্স ডিআর ব্রিকস এবং এমবিএস ব্রিকসের মালিকদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত ভাটাগুলোর মালিকরা হলেন-শোয়েব মাহমুদ শাহরিয়ার (এমবি ব্রিকস), বেলাল হোসেন (এসবিএস ব্রিকস), আলী আকবর (মেসার্স ডিআর ব্রিকস) এবং সাদেকুল ইসলাম (এমবিএস ব্রিকস)।
ঠাকুরগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান বলেন, “পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কোনো অনিয়মই ছাড় দেওয়া হবে না।”
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

