খুলনায় বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজন করা হয় এক প্রাণবন্ত বৈশাখী প্রীতি ফুটবল ম্যাচ। শুক্রবার বিকাল ৪টায় খারাবাদ বাইনতলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই খেলায় মুখোমুখি হয় খুলনা ফুটবল একাডেমি ও বাইনতলা স্পোর্টিং ক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম ডি খাইরুল ইসলাম খান জনি। উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট সমাজসেবক জনাব ইসমাইল শেখ। এছাড়া আমন্ত্রিত অতিথি মোঃ আল আমিন হোসাইন তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী সামাজিক আন্দোলন, যা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে।
প্রধান অতিথি বলেন, নববর্ষের এই আয়োজন সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, খেলাধুলা মানুষে মানুষে দূরত্ব কমিয়ে এনে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়ক।
উদ্বোধক ইসমাইল শেখ বলেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করে এবং তাদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধ তৈরি করে। তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব হায়দার আলী শেখ। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে খুলনা ফুটবল একাডেমি ১-০ গোলে বাইনতলা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে। খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক-এটাই সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

