বাগেরহাটের মোংলা উপজেলায় অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব গোলাম মো. বাতেন। একই সঙ্গে তিনি উপজেলার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। তাঁর এ সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
১৫ এপ্রিল অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলা প্রশাসক অসচ্ছল প্রতিবন্ধীদের হাতে হুইলচেয়ার তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং চলমান উন্নয়ন কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনা ও জনসেবামূলক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন আক্তার সুমী, সহকারী কমিশনার (ভূমি) জনাব নওসীনা আরিফ, রামপাল-মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। তারা জেলা প্রশাসককে উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক জনাব গোলাম মো. বাতেন বলেন, “সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ের প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোংলা উপজেলায় বিভিন্ন খাতে যে অগ্রগতি হয়েছে, তা প্রশংসনীয়। তবে সেবার মান আরও বাড়াতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “জনগণের সমস্যা দ্রুত সমাধান ও সুশাসন নিশ্চিত করতে প্রশাসনের সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলেই মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।”
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন, “জেলা প্রশাসকের এ ধরনের পরিদর্শন আমাদের কাজের গতি বাড়ায় এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনে নতুন অনুপ্রেরণা জোগায়।”
সংশ্লিষ্টরা মনে করছেন, জেলা প্রশাসকের এ সফর উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডে আরও গতি সঞ্চার করবে এবং জনসেবার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

