গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে শফিকুল ইসলাম (৫২) নামে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ঔষধ কারখানার এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শফিকুল ইসলামের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে প্রোডাকশন অ্যাটেনডেন্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি আনসার একাডেমির ৩ নম্বর গেট এলাকায় ‘একতা টাওয়ার’ নামের নিজ ফ্ল্যাটে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে আনসার একাডেমি লেকের পাড় সংলগ্ন রাস্তায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও সহকর্মীরা থানায় এসে মরদেহটি শনাক্ত করেন।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে স্ত্রীকে কারখানা থেকে আনতে বাসা থেকে বের হন শফিকুল ইসলাম। তবে ছুটি শেষে স্বামীকে না পেয়ে একাই বাসায় ফেরেন তার স্ত্রী। রাত গভীর হলেও তিনি বাসায় না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন তারা।
এ বিষয়ে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার সহকারী ব্যবস্থাপনা পরিচালক রোকনউদ্দিন খান জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে শফিকুল ইসলাম ডিউটি শেষে বাসায় যান। এরপর রাতেই তার নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

