সাভারে একটি ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা ও গুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে সাভার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ঢালাই মোড় রাজাশন মহল্লায় বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে ১৪-১৫ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে বিএনপি অফিসে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তিন রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে দুটি গুলি অফিসের এসিতে লাগে। পরে তারা দেশীয় অস্ত্র দিয়ে অফিসের শাটার ভাঙচুরের চেষ্টা করে।
সাবেক ছাত্রদল নেতা তানভীর বাবু বলেন, “রাত ১০টার দিকে বিদ্যুৎ না থাকায় আমরা কার্যালয়ের বাইরে বসে ছিলাম। এ সময় ১৪-১৫ জন দুর্বৃত্ত এসে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে ভাঙচুরের চেষ্টা করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে দুটি গুলি এসিতে লাগে।”
এ বিষয়ে সাভার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হারুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে ভাঙচুরের চিহ্ন এবং তিনটি গুলির খোসা পাওয়া গেছে। এর মধ্যে দুটি গুলি অফিসের এসিতে লেগেছে এবং একটি গুলি মিসফায়ার হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

