সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে দিনব্যাপী এ আয়োজন শুরু হয়। অনুষ্ঠান শুরুর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দঘন শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
শোভাযাত্রা শেষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কবিতা, দলীয় ও একক নৃত্য, নাটিকা, লাঠিখেলা, পিঠা উৎসবসহ বাঙালির হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা উপস্থাপনা প্রদর্শিত হয়। স্থানীয় শিল্পীরা সংগীত ও আবৃত্তির মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও সঞ্জয় ঘোষ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাবুদ্দিন শাহীন (পিপিএম), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবেহায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, প্রেসক্লাব সভাপতি এম এ মান্নান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সুহেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

