গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বরিশালের উজিরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য, বরিশাল জেলা।
রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় উপজেলার ইচলাদি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী কয়েক হাজার মানুষ অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেক।
এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান মাস্টার, বরিশাল-১ আসনের প্রার্থী হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইয়েদ আহমেদ খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজম খান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ কাওসার হোসেন এবং উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি মোঃ আনোয়ার হোসাইন।
এছাড়া এনসিপি’র জেলা সদস্য সচিব মোঃ আবু সাঈদ ফেরদৌস ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় জনগণের প্রত্যাশার প্রতিফলন। তাই দ্রুত সময়ের মধ্যে এ রায় বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেন। পরে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

