“কাগজে-কলমে নয়, বাস্তবেই উজিরপুর পৌরসভাকে একটি আধুনিক ও কার্যকর পৌরসভায় রূপান্তর করা হবে”—এমন প্রত্যয় ব্যক্ত করে মেয়র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল তওয়াব সুমন।
রবিবার (১২ এপ্রিল) সকালে উজিরপুরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন। তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন।
অ্যাডভোকেট সুমন বলেন, “উজিরপুর পৌরসভাকে একটি আধুনিক, গণতান্ত্রিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকমুক্ত পৌরসভা গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি অভিযোগ করেন, বিগত সময়ে পৌরসভাটি কাগজে-কলমে থাকলেও বাস্তবে এর কার্যক্রম দৃশ্যমান ছিল না। নাগরিক সুবিধা নিশ্চিত করার মতো মৌলিক অবকাঠামো—যেমন আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন ব্যবস্থা কিংবা প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড—গড়ে ওঠেনি।
পৌরসভার বর্তমান অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে তিনি বলেন, “পৌরসভার কিছু যানবাহন পর্যন্ত সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। অবহেলায় সেগুলো নষ্ট হয়ে পড়ে আছে।”
সবশেষে তিনি বলেন, “আমরা এমন একটি পৌরসভা গড়ে তুলতে চাই, যাতে উজিরপুরকে নিয়ে কেউ আর ঠাট্টা-তামাশা করতে না পারে।”
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

