মাদারীপুরের শিবচরে জ্বালানি তেলের সংকট দিন দিন তীব্র আকার ধারণ করেছে। এতে উপজেলার কৃষক, মোটরসাইকেল আরোহী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, শিবচরের আব্দুল হাকিম খান (এএইচকে) ফিলিং স্টেশনে তেল সংগ্রহের জন্য প্রায় দুই কিলোমিটার দীর্ঘ লাইন তৈরি হয়েছে। অনেকেই ভোর থেকে, এমনকি রাত থেকেই লাইনে অবস্থান নেন।
তীব্র গরম ও দীর্ঘ প্রতীক্ষার পরও কাঙ্ক্ষিত তেল না পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
শুধু মোটরসাইকেল আরোহীরাই নন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকরাও ডিজেল সংকটে দিশেহারা হয়ে পড়েছেন। কৃষকদের অভিযোগ, জমি চাষ, সেচ ও ইরিগেশন কার্যক্রম চালাতে না পেরে তারা মারাত্মক সমস্যায় পড়ছেন। কেউ কেউ রাত থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও দুপুর ২টা পর্যন্ত তেল পাননি বলে জানান।
কৃষকদের ভাষ্য, ইরিগেশন মৌসুমে ডিজেল সংকটে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে চলতি মৌসুমের ফসল উৎপাদন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা, যা তাদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সেচ পাম্প মালিকদের জন্য ফুয়েল কার্ড বা অনুমতিপত্র দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা অগ্রাধিকার ভিত্তিতে তেল সংগ্রহ করতে পারেন। তবে বাস্তবে অনেক কৃষক অভিযোগ করছেন, প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও পাম্পে গিয়ে সময়মতো তেল পাচ্ছেন না।
এদিকে, পাম্প এলাকায় অতিরিক্ত ভিড় সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবুও মানুষের চাপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।
জানা গেছে, সাধারণ গ্রাহকদের অনেকেই ৩০০ থেকে ৪০০ টাকার বেশি তেল পাচ্ছেন না। এতে একদিকে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হচ্ছে, অন্যদিকে প্রয়োজনের তুলনায় অল্প তেল পাওয়ায় ভোগান্তি আরও বাড়ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ১২ এপ্রিলের মধ্যে সকল গ্রাহককে ফুয়েল কার্ডের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
স্থানীয়দের মতে, দীর্ঘ লাইনে শুধু কৃষক বা প্রয়োজনীয় কাজে আসা মানুষই নন, বিপুল সংখ্যক মোটরসাইকেল আরোহীও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। এতে এলাকায় অস্থিরতা ও জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
সচেতন মহলের মতে, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে শিবচরের কৃষি উৎপাদন, পরিবহন ব্যবস্থা ও জনজীবনে নেতিবাচক প্রভাব আরও বাড়বে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

