AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাল্ক-স্পাইডার ম্যানের লড়াই


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:৪২ পিএম, ২৬ জুলাই, ২০২৬

হাল্ক-স্পাইডার ম্যানের লড়াই

২০২১ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’–এর প্রায় পাঁচ বছর পর আবারও পিটার পার্কার চরিত্রে ফিরছেন টম হল্যান্ড। এ উপলক্ষে আসন্ন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’–এর চূড়ান্ত ট্রেলার প্রকাশ করেছে সনি পিকচার্স। অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর ট্রেলারটিতে স্পাইডার-ম্যানকে দেখা গেছে মার্ক রাফালো অভিনীত হাল্কের মুখোমুখি হতে।

এর আগে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ এবং ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’–এ স্পাইডার-ম্যান ও হাল্ককে একই দলে থেকে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে দেখা গিয়েছিল। তবে ‘ব্র্যান্ড নিউ ডে’–তে সেই সমীকরণ বদলে গেছে। নতুন ট্রেলারে দুই জনপ্রিয় সুপারহিরোকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দেখা যাওয়ায় সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত সিনেমাটি আগামী ৩১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে বাংলাদেশসহ কয়েকটি দেশে এটি এক দিন আগে, অর্থাৎ ৩০ জুলাই মুক্তি পেতে পারে বলে জানা গেছে। সে ক্ষেত্রে দেশের দর্শকরা ৩০ জুলাই থেকেই স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি উপভোগ করতে পারবেন।

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’–এর গল্প শুরু হয়েছে ‘নো ওয়ে হোম’–এর ঘটনার প্রায় পাঁচ বছর পর। আগের সিনেমার শেষে পিটার পার্কারকে ঘিরে সবার স্মৃতি মুছে যাওয়ার পর সে সম্পূর্ণ একা হয়ে পড়ে। পরিচিত কেউ আর তাকে চিনতে পারে না। এমন বাস্তবতায় ব্যক্তিগত জীবনকে পেছনে ফেলে নিউইয়র্ক শহরকে রক্ষা করাকেই নিজের একমাত্র দায়িত্ব হিসেবে বেছে নেয় পিটার পার্কার।

তবে শহর রক্ষার এই দায়িত্বের চাপ ধীরে ধীরে পিটারের ওপর প্রভাব ফেলতে শুরু করে। এর মধ্যেই তার শরীরে অদ্ভুত এক পরিবর্তন দেখা দেয়, যা তার অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে। পাশাপাশি নতুন এক ধরনের অপরাধের সূত্র ধরে সে এমন এক শক্তিশালী শত্রুর মুখোমুখি হয়, যে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

২০১৬ সালে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ সিনেমায় প্রথমবার পিটার পার্কার বা স্পাইডার-ম্যান চরিত্রে দেখা যায় টম হল্যান্ডকে। এরপর ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ অভিনয়ের পাশাপাশি ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’, ‘ফার ফ্রম হোম’ ও ‘নো ওয়ে হোম’-এ একক নায়ক হিসেবে হাজির হন তিনি। তিনটি সিনেমাই দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্য পেয়েছে।

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-তে টম হল্যান্ডের সঙ্গে আবারও অভিনয় করেছেন জেন্ডায়া। আরও আছেন জ্যাকব ব্যাটালন, মার্ক রাফালো, জন বার্নথাল, মাইকেল মান্ডো ও স্যাডি সিঙ্ক। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ক্রিস ম্যাককেনা ও এরিক সোমার্স। প্রযোজনায় রয়েছেন অ্যামি প্যাসকেল ও কেভিন ফেইজ। সিনেমাটি প্রযোজনা ও পরিবেশনার দায়িত্বে রয়েছে সনি পিকচার্স।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!