গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের দরবাড়ীয়া এলাকায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে এ সভার আয়োজন করেন কালিয়াকৈর থানার বিট অফিসার এসআই জাহাঙ্গীর আলম।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি, ইভটিজিং ও বাল্যবিবাহ সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে অভিভাবকদের সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিট অফিসার এসআই জাহাঙ্গীর আলম বলেন, “পুলিশ শুধু আইন প্রয়োগকারী সংস্থা নয়, বরং জনগণের বন্ধু। সমাজকে অপরাধমুক্ত রাখতে পুলিশ ও জনগণের যৌথ উদ্যোগ অপরিহার্য।” তিনি মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সভায় “আসুন, সচেতন হই—মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহকে না বলি” প্রতিপাদ্য তুলে ধরে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
আটাবহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আতাহার হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন এসআই ইউসুফ আলী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম খান, মো. জসিম উদ্দিন, ক্যাপ্টেন আল-মামুন, মো. ইউনুস আলী, এস. এম. শহিদ, মেম্বার মো. নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

