পিরোজপুরের কাউখালীতে কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাস্তবায়নে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।
উল্লেখ্য, উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাঠি মৌজার গোপালপুর খাল সীমানার হাওলাদার বাড়ি থেকে মধ্যমাঠ পর্যন্ত এবং হোগলা মৌজার নাসির উদ্দিনের বাড়ি থেকে দিলু মেম্বারের জমি পর্যন্ত খাল পুনঃখননের কাজ করা হবে। দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে থাকা এই খালগুলোতে স্থানীয় কৃষকরা চাষাবাদে সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। পুনঃখনন প্রকল্পের মাধ্যমে খালের নাব্যতা ফিরিয়ে আনা হবে, যা এলাকার কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছি। খাল পুনঃখনন তারই অংশ। খাল খনন হলে কয়েকশ একর জমি চাষাবাদের আওতায় আসবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. আহসান কবির। এছাড়া খাল কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সাবেক যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মঈন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন বিএডিসির ইঞ্জিনিয়ার ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। দীর্ঘদিন পর খাল পুনঃখনন শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কৃষকরা জানান, খালের গভীরতা বাড়লে শুষ্ক মৌসুমে পানি ধরে রেখে বোরোসহ রবিশস্য চাষে তারা ব্যাপক সুবিধা পাবেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

