নড়াইলের কালিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্য (৭৩) কে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে।
সোমবার (৬ এপ্রিল) কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে এই ঘটনা ঘটে।
বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্য ওই গ্রামের মৃত সন্তোষ আর্চয্যের ছেলে। অভিযুক্ত তিন যুবক হলেন— আশিকুর রহমান সুমন, আকিবুর রহমান মিলন, এবং মাহিদুল শেখ।
স্থানীয় ও স্বজনরা জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে কৃষ্ণপদ কালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ছোট কালিয়া সাইদের দোকানের সামনে পৌঁছালে সুমন, মিলন ও মাহিদুল তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা তাকে মাথা, হাত ও পায়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্য বলেন, “মনশা মন্দিরের জমি এবং আমার পৈতৃক জমি নিয়ে প্রতিবেশী ফজর শেখ ও ওলিয়ার রহমানের সঙ্গে মামলা চলছিল। এ মামলার জের ধরে কাল বাজার থেকে ফেরার সময় আমাকে হত্যা করার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে তারা। আমি তাদের বিরুদ্ধে মামলা করব এবং এর যথাযথ বিচার চাইব।”
অভিযোগে অভিযুক্তদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের ধরতে অভিযান চলছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

