রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ভারত থেকে চোরাচালানের পথে আনা জ্বালানি তেল (অকটেন) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১ মার্চ) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কচুছড়ি চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এ সময় মাঝিপাড়া সীমান্ত সড়ক হয়ে মারিশ্যাগামী একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করে।
পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে একটি প্লাস্টিকের বস্তা পড়ে যায়। পরে বিজিবির টহল দল বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে একটি জারিকেন ও ৩০টি প্লাস্টিকের বোতলে রাখা মোট ৫০ লিটার অকটেন জব্দ করে।
জব্দকৃত অকটেনের আনুমানিক মূল্য ৬ হাজার ৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারিরা বিভিন্ন কৌশলে তৎপরতা চালালেও তা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

