সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় উপজেলা বিএনপির একটি নেতার হাতে একই দলের আরেক নেতাকে লাঞ্চিত করার ঘটনা ঘটেছে। অভিযোগ, চামরদানী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি ফুয়াদ মিয়ার হাতে ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য বিনয় সরকার লাঞ্চিত হয়েছেন।
ঘটনা সোমবার (৩০ মার্চ) সকাল ১০ টার দিকে আবিদ নগর কাদিপুর বাজারে ঘটে। সূত্রে জানা যায়, এলাকায় চলমান প্রকল্পের কাজ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। ফুয়াদ মিয়া বিনয় সরকারের উপর অতর্কিত আক্রমণ চালান এবং অখ্যাত ভাষায় গালাগালি ও হুমকি দেন। উত্তেজিত ফুয়াদ মারপিটের চেষ্টা করলে আবিদ নগর গ্রামের আমিনুল মিয়া তাকে বাঁধা দিতে চেষ্টা করেন।
ঘটনার পর খবরটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, ফুয়াদ মিয়া দলীয় প্রভাব দেখিয়ে এলাকার মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অপকর্ম চালানোর অভিযোগও রয়েছে।
লাঞ্চিত বিনয় সরকার গণমাধ্যমকে বলেন, “আমি জনস্বার্থে এলাকার উন্নয়ন কাজের সঙ্গে যুক্ত থাকায় ঈর্ষান্বিত হয়ে এ ধরনের আক্রমণের শিকার হয়েছি। ঘটনা জেলা ও উপজেলা নেতৃবৃন্দকে জানিয়েছি এবং ন্যায়বিচার আশা করছি।”
অভিযুক্ত ফুয়াদ মিয়া দাবি করেন, “দীর্ঘদিন ধরে বিনয় আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। প্রকল্প কমিটি নিয়ে তার সঙ্গে তর্কবিতর্ক হয়েছে, আর কিছু হয়নি। আমি শুধু আমার ভাতিজাকে শাসন করেছি।”
ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন জানান, “লাঞ্চিতর ঘটনা সম্পর্কে শুনেছি। আমার সেক্রেটারী ঢাকায় থাকায় পুরো বিষয়টি যাচাই করে চূড়ান্ত বিচার করা হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

