দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।
রোববার (২৯ মার্চ) ভোর প্রায় ৫টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মোশারফ হোসেন বাবু (৫৮) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িখাল এলাকার বাসিন্দা। অন্য নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই বাসের হেলপার এবং এক যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হেসাইন জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

