কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার উত্তরবঙ্গ সমন্বয়ক সোহেল রানা স্বপ্নের ভাড়াকৃত গোডাউন থেকে ৭১ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিবেরডাঙ্গী বাজার এলাকায় অভিযান চালান রাজিবপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
তাদের দাবি, আবুল হোসেনের মালিকানাধীন একটি গোডাউনে সরকারি চাল মজুদের তথ্য পেয়ে সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় দুটি গোডাউন থেকে মোট ৭১ বস্তা চাল উদ্ধার করা হয়।
রাজিবপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. হান্নান শাহ ও সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মাহমুদ জানান, নির্ভরযোগ্য সূত্রে সরকারি চাল মজুদের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং চালের বস্তা পাওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে ফাতেমা ট্রেডার্সের মালিক ও কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার উত্তরবঙ্গ সমন্বয়ক সোহেল রানা স্বপ্নকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা চাল থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান। এ সময় , উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম শামীম, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল কবির এবং রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ছাত্রদলের নেতাকর্মীরা চাল আটকের খবর দিলে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চাল জব্দ ও মালিককে জরিমানা করে।
তবে অভিযুক্ত সোহেল রানা স্বপ্ন দাবি করেন, তার মায়ের নামে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ রয়েছে। ঈদ উপলক্ষে অধিকাংশ চাল বিতরণ করা হলেও কিছু চাল গোডাউনে সংরক্ষিত ছিল।
এছাড়া কিছু সুবিধাভোগী তাদের প্রাপ্ত চাল বিক্রি করে দেওয়ায় অতিরিক্ত চাল জমা হয়েছে বলে তিনি জানান। তার ভাষ্য অনুযায়ী, জব্দকৃত চাল ভিজিএফ বা ইউনিয়ন পরিষদের নয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

