রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুর কবির (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার পশ্চিম মুসলিম ব্লক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক নুর কবির ওই এলাকার মৃত জামাল হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মুসলিম ব্লক এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্য পেয়ে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি-এর নির্দেশনায় নায়েব সুবেদার মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে যায়।
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে নুর কবির পালানোর চেষ্টা করলে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির গিঁটের ভেতর পলিথিনে মোড়ানো ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া তার কাছ থেকে একটি রেডমি নোট-৯ অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন, একটি চার্জার এবং একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২২ হাজার ৫০০ টাকা।
মারিশ্যা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “মারিশ্যা জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। চোরাকারবারীরা নানা কৌশল অবলম্বন করলেও বিজিবি গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতার মাধ্যমে তা প্রতিহত করছে। মাদকমুক্ত সমাজ গড়তে বিজিবির এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আটক আসামিকে জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হচ্ছে বলে বিজিবি জানিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

