চুয়াডাঙ্গার জীবননগরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেন জীবননগর উপজেলার রায়পুর গ্রামের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রুহুল কুদ্দুস মোল্লা। এ সময় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ছেলে মো. আবু হুরায়রা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৬ মার্চ জীবননগর থ্রি-স্টার হোটেলে রায়পুর গ্রামের কামারপাড়া এলাকার মো. বাবর আলী একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে রুহুল কুদ্দুস মোল্লার ছেলে সাদ্দাম হোসেন ও আবু হুরায়রার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়।
তিনি আরও বলেন, আগুন লাগার পর রুহুল কুদ্দুস মোল্লা শুরুতে পুলিশ ও স্থানীয়দের কাছে আগুনের উৎস সম্পর্কে কিছু না জানালেও, জীবননগর ফায়ার সার্ভিস আগুনের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কথা জানায়। কিন্তু পরবর্তীতে প্রতিপক্ষকে দোষারোপ করে রেখা খাতুন, বাবর আলী, আব্দুল আলিম, শরিফ ও কবির হোসেনদের বিরুদ্ধে আগুন দেওয়ার অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগ করা হয়, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার জের ধরে প্রতিপক্ষের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রতিপক্ষের লোকজন মামলার নিষ্পত্তির জন্য ৩০ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ২৬ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে নার্সারির গোডাউনে আগুন দেওয়া হয়। এতে প্রায় ৭৪ লাখ টাকার মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছু ভস্মীভূত হয়।
এ ঘটনায় রুহুল কুদ্দুস মোল্লা বাদী হয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন।
অন্যদিকে, ওই মামলার আসামিরা অভিযোগ অস্বীকার করে বৃহস্পতিবার বিকেলে জীবননগর থ্রি-স্টার হোটেলে পৃথক সংবাদ সম্মেলন করেন। সেখানে বাবর আলী রুহুল কুদ্দুস মোল্লা ও তার ছেলে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
উভয় পক্ষের এসব পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

